জাতীয়
ছবি: সংগৃহীত

এনআইডি হারালে থানায় জিডি নয়, অনলাইনেই মিলবে নতুন কার্ড।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার ঝামেলা আর নেই। ঘরে বসেই নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে আবেদন করে হারানো এনআইডি পুনরায় সংগ্রহ করা যাচ্ছে।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এই সেবার ক্ষেত্রে জিডি করার বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন।

তবে আবেদন শুরুর আগে হারানো কার্ডের এনআইডি নম্বর জানা থাকা প্রয়োজন। নম্বরটি সংগ্রহের পর নির্বাচন কমিশনের এনআইডি সেবা পোর্টালে অ্যাকাউন্টে প্রবেশ করে পুনঃইস্যুর আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় চাওয়া তথ্য পূরণ করে জমা দিলেই পরবর্তী ধাপে যাওয়া যাবে।

আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। পোর্টালে প্রদর্শিত ফি জমার রসিদ এবং আবেদন নম্বর নিজের কাছে সংরক্ষণ করা জরুরি। এগুলোর মাধ্যমে পরবর্তী সময়ে আবেদনের অগ্রগতি যাচাই করা যাবে।

নতুন কার্ড হাতে পাওয়ার আগেই পরিচয়পত্রের প্রয়োজন হলে অনলাইন পোর্টালে ডিজিটাল কপি ডাউনলোডের সুযোগ রয়েছে কি না, তা দেখে নিতে পারেন। তবে সব প্রতিষ্ঠান বা সেবাদাতা সংস্থা ডিজিটাল কপি গ্রহণ করে না। তাই ব্যবহারের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিষয়টি নিশ্চিত হওয়া ভালো।

এনআইডি পুনঃইস্যু, তথ্য সংশোধনসহ নির্বাচন কমিশনের বিভিন্ন সেবা পাওয়া যাবে সরকারি এনআইডি সেবা পোর্টালে। এ ছাড়া কোনো বিষয়ে সহায়তা প্রয়োজন হলে ১০৫ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে।

মতামত দিন