আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদির তিন শহরে জরুরি সতর্কতা প্রত্যাহার, বিপদ কেটে যাওয়ার ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের তিন শহরে জারি করা জরুরি সতর্কতা তুলে নিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা ও খামিস মুশাইত এবং পশ্চিমাঞ্চলের তাইফে এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই।

জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে শহরগুলোতে অল্প সময়ের জন্য সতর্কতা জারি করা হয়েছিল। পরে পৃথক বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে সতর্কতা শেষ হওয়ার ঘোষণা দেয় সিভিল ডিফেন্স।

তবে কী ধরনের ঝুঁকি বা হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্যও প্রকাশ করা হয়নি।

এদিকে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সিভিল ডিফেন্সের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা ও ঘটনাস্থলের ভিডিও ধারণ না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ইয়েমেনকে ঘিরে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতি গোষ্ঠীর দীর্ঘদিনের সংঘাতের প্রেক্ষাপটে এই সতর্কতা জারির বিষয়টি সামনে এসেছে। ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। এর পর ২০১৫ সালের মার্চ থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে হুতিদের বিরুদ্ধে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

সূত্র: আনাদোলু এজেন্সি

মতামত দিন