মিরপুর-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,৩০ জন আটক।
পোশাকশ্রমিকদের বিক্ষোভে সোমবার সকাল থেকে অস্থিরতা ছড়িয়ে পড়েছে রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈরে। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর, হরিণঘাটিসহ আশপাশের শিল্পকারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
এদিকে আশুলিয়ার নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় সকাল ১০টার পর শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শ্রমিকেরা প্রথমে অনন্ত কারখানার সামনে জড়ো হন। পরে হা-মীম গ্রুপের কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ৩০ জন আটকের তথ্য পাওয়া গেছে।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে শ্রমিকদের পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করতে এসেছিলেন। পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে।

মতামত দিন