আবহাওয়া
ছবি: সংগৃহীত

অর্ণবের পর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা, অন্ধ্র উপকূলে পৌঁছাতে পারে ২ নভেম্বর।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণবের রেশ কাটতে না কাটতেই নতুন আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ আগামী ছয় ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

এরপর ১ নভেম্বরের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্যের বরাতে শনিবার এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর আবহাওয়াব্যবস্থাটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। আগামী ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে সম্প্রতি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় অর্ণবের ক্ষয়ক্ষতির ঘটনাও সামনে এসেছে। গত ২৬ অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছিল অর্ণব। ঝড়টির নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ।

বুধবার ভোরে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে অর্ণব। উপকূলে আঘাত হানার পর স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন হতে ছয় ঘণ্টার বেশি সময় লাগে। ঝড়টির প্রভাবে রাজ্যটিতে পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। তাঁদের কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আবার কেউ গাছ ভেঙে পড়ার কারণে প্রাণ হারান।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছিল, উপকূলে আঘাতের সময় অর্ণব ছিল ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়। সংস্থাটির শক্তিমাত্রার শ্রেণিবিন্যাসে এটি তৃতীয় সর্বোচ্চ স্তর। তবে বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঝড়টি দুর্বল হয়ে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

মতামত দিন