জাতীয়
ছবি: সংগৃহীত

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু কাল,আবেদন করবেন যেভাবে।

নিজেস্ব প্রতিবেদক:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে ৭ নভেম্বর পর্যন্ত।

উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে। ঠিকানা: https://rescrutiny.eduboardresults.gov.bd। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা বোর্ডে সরাসরি কিংবা ম্যানুয়ালি আবেদন জমা দেওয়ার সুযোগ নেই।

আবেদনের জন্য ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ঘরে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে। পরের ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।

এরপর স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে পুনর্নিরীক্ষণ করাতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে দুই পত্রের জন্যই আবেদন করতে হবে।

নির্ধারিত ফি বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। পেমেন্টের বিস্তারিত পদ্ধতি আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে। টাকা পরিশোধের পর আবার আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে তা করা যাবে। তবে এ ক্ষেত্রে দ্বিতীয়বার মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন সংশোধন বা নির্বাচিত বিষয় বাদ দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে যেসব বিষয়ের ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট বিষয় আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।

এর আগে আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ১১টি শিক্ষাবোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

মতামত দিন