যান্ত্রিক ত্রুটিতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফেরা, টারমাকে নেওয়া হলো বিমান।
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার যাত্রায় বিঘ্ন ঘটেছে উড়োজাহাজের যান্ত্রিক সমস্যায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির যাত্রা শুরুর কথা থাকলেও প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানান। পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। যাত্রা বিলম্বের জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেন পাইলট।
এর আগে গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যান তারেক রহমান। সফরটিতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
জাপানের সরকারি পর্যায়ের বৈঠকের পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন প্রধানমন্ত্রী। কৃষি, অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং শিল্প খাতের মানোন্নয়নসহ একাধিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। সফর শেষে দেশে ফেরার পথেই দেখা দেয় ফ্লাইটের এই যান্ত্রিক জটিলতা।

মতামত দিন