নিষেধাজ্ঞা শেষ, ইলিশের আশায় গভীর সাগরে যাচ্ছেন পটুয়াখালীর জেলেরা।
দীর্ঘ ২২ দিনের বিরতির পর আবারও সাগর ও নদীতে মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন পটুয়াখালীর জেলেরা। আজ মধ্যরাত থেকে ইলিশ আহরণে নামার কথা রয়েছে তাঁদের।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এবার ভালো পরিমাণ ইলিশ পাওয়ার প্রত্যাশায় রয়েছেন উপকূলের জেলেরা। তাঁদের অনেকেই ইতোমধ্যে ট্রলার মেরামত ও ছেঁড়া জাল সেলাইয়ের কাজ শেষ করেছেন। এখন গভীর সাগরে যাত্রার অপেক্ষা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা গভীর সাগরে নির্বিঘ্নে মাছ ধরতে পারলে এবার প্রচুর ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মা ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতেই নির্ধারিত সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
এদিকে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। বিভাগীয় তথ্য অনুযায়ী, এ সময়ে ৪৮৪টি বিশেষ অভিযান ও ১২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৪৮ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ১৬৭টি মামলা দায়ের, ৩ লাখ ১১ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞার সময় পার হওয়ার পর এখন জেলেদের মূল লক্ষ্য সাগরে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশের সন্ধান পাওয়া। তাঁদের প্রত্যাশা, প্রজননের সুযোগ পাওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে এবং দীর্ঘ বিরতির পর ভালো মাছ পেয়ে ঘরে ফিরতে পারবেন তাঁরা।
মতামত দিন