হরমুজ প্রণালীতে জাহাজে আগুন, সম্ভাব্য হামলার আশঙ্কা ইউকেএমটিওর।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটিকে সম্ভাব্য হামলার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও।
সংস্থাটির বরাতে জানা গেছে, অন্য একটি জাহাজের ক্যাপ্টেন হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন জ্বলতে দেখার খবর দেন। ঘটনাস্থলটি ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তরে, অর্থাৎ ৯ নটিক্যাল মাইল দূরে।
তাৎক্ষণিকভাবে আগুনে জাহাজটির কতটা ক্ষতি হয়েছে, সেটিও জানা যায়নি। জাহাজটির নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকায় সেটি চলাচল করছিল—এসব তথ্যও প্রকাশ করা হয়নি। ইউকেএমটিও জানিয়েছে, জাহাজের নাবিক ও অন্যান্য কর্মীর নিরাপত্তা সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
এমন সময় এ ঘটনা ঘটল, যখন হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। ইরানের অবস্থান অনুযায়ী, জলপথটি পুনরায় চালুর বিষয়ে তাদের দেওয়া সাত দিনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র মেনে না নেওয়া পর্যন্ত প্রণালী বন্ধ থাকবে।
পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালী। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেল ও অন্যান্য জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে জাহাজে আগুন লাগার ঘটনাটি যে হামলার ফল, এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার পেছনে কারা জড়িত থাকতে পারে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে—তা জানতে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।
সূত্র: আল জাজিরা
মতামত দিন