আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

৮৪.৫ শতাংশ ভোট গণনা শেষ, ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের পরবর্তী সরকার কারা গঠন করবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সংসদীয় নির্বাচনে ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৫৪টিতে।

১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।

‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৯টি আসন পেতে পারে। আর প্রধানত আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা হতে পারে ১৭। ফলে প্রাথমিক হিসাব অনুযায়ী, সরকার গঠনের জন্য কোনো পক্ষের কাছেই এককভাবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই।

দলভিত্তিক আসনের হিসাবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন নিয়ে এগিয়ে রয়েছে। আইজেনকোটের ইয়াশার পার্টি পেতে পারে ২২টি আসন। এ ছাড়া টুগেদার জোটের ১২টি, ডেমোক্র্যাটস পার্টির আটটি এবং ইসরায়েল বেইতেইনুর সাতটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধর্মীয় ও ডানপন্থী দলগুলোর মধ্যে শাস, ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং ওতজমা ইহুদিৎ প্রত্যেকে সাতটি করে আসন পেতে পারে। রিলিজিয়াস জায়োনিজমের সম্ভাব্য আসনসংখ্যা ছয়টি।

অন্যদিকে, আরব-প্রধান জোটগুলোর মধ্যে জয়েন্ট লিস্ট ১১টি এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম ছয়টি আসন পেতে পারে বলে আংশিক ফলাফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এই হিসাব অনুযায়ী, সরকার গঠনের পরবর্তী পর্যায়ে ছোট দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে আরব দলগুলোর সমর্থন কোন পক্ষ পাবে, তা জোট গঠনের আলোচনায় প্রভাব ফেলতে পারে। তবে তাদের সঙ্গে আনুষ্ঠানিক জোট বা অন্য কোনো ধরনের সমঝোতা হবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

ভোট গণনার এই পর্যায়ে আসন বণ্টনের চূড়ান্ত চিত্রও নিশ্চিত হয়নি। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে দলগুলোকে সমঝোতায় পৌঁছাতে হবে, আর রাজনৈতিক মতপার্থক্যের কারণে সেই আলোচনা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আনাদোলু

মতামত দিন