অপরাধ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর সদর উপজেলায় গুলিবিদ্ধ হয়ে খোরশেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ স্থানীয়ভাবে ‘খোরশেদ বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজনদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করা হয়েছে। এ ঘটনায় ওয়ালিদ নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন তাঁরা।

খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামে দুজন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, প্রতিপক্ষের ওয়ালিদ তাঁকে গুলি করেছেন। মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ তাঁদের।

খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক ইসমাইল হাসান রনি জানান, খোরশেদকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বুকে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন