জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইটের সূচি ওলটপালট, অনিশ্চয়তায় ২২ হাজারের বেশি যাত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা থেকে সৌদি আরবগামী ও সৌদি আরব থেকে ঢাকামুখী যাত্রীদের ভোগান্তি বেড়েছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সতর্কতামূলক বিধিনিষেধের প্রভাবে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বুধবার (২৮ অক্টোবর) দুপুর পর্যন্ত ১৫৩টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২২ হাজার ৬৩৬ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানো এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণ করা হচ্ছে।

বেবিচকের হিসাব অনুযায়ী, সূচি বিপর্যয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইন্ডিগোর ফ্লাইটে। বিমান বাংলাদেশের ৩৩টি এবং ইন্ডিগোর ৩০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এ ছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে।

অন্যদিকে, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটও বাতিল বা স্থগিতের তালিকায় রয়েছে।

বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার সাকিব জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং আটকে পড়া ব্যক্তিদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে।

সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলার পর দেশটির বিমানবন্দরগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর প্রভাবেই ঢাকা-সৌদি আরব রুটের ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

মতামত দিন