অর্থনীতি
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে স্বর্ণের দামের পরবর্তী গতিপথ এখন অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত ও মূল্যস্ফীতির নতুন তথ্যের ওপর। এর মধ্যেই জ্বালানি তেলের দাম কমায় মূল্যস্ফীতির চাপ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও আউন্সপ্রতি ৪ হাজার ডলারের ওপরে উঠেছে।

বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার আকর্ষণ কমে যেতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের সতর্কতা রয়েছে। সিএমই ফেডওয়াচের হিসাবে, বুধবার সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীদের ৯ শতাংশ। তবে ডিসেম্বরে হার বাড়তে পারে বলে ধারণা করছেন ৮০ শতাংশ ব্যবসায়ী।

এদিকে তেলের বাজারে দরপতন মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে। সোমবার ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য প্রায় ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৪ ডলারে নেমেছে। গত সপ্তাহে জ্বালানি তেলটির দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তেলের দাম কমার প্রভাব মূল্যস্ফীতির ওপর কতটা পড়ে, তা এখন বাজারের জন্য গুরুত্বপূর্ণ।

এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের অক্টোবর মাসের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্য প্রকাশিত হবে আগামী ২৯ অক্টোবর। মূল্যস্ফীতি পরিমাপে ফেড এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য মূল্যস্ফীতির হার ২ শতাংশে নামিয়ে আনা।

দামের সাম্প্রতিক ওঠানামায় বিনিয়োগকারীদের কেনাবেচার সিদ্ধান্তও প্রভাব ফেলছে। ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো জানিয়েছেন, কিছু বিনিয়োগকারী ৪ হাজার ডলারের স্তরকে স্বর্ণ কেনার সুযোগ হিসেবে দেখছেন। এই দাম কারিগরি সমর্থন হিসেবেও কাজ করতে পারে বলে তাঁর ধারণা।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৪ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের স্বর্ণ ফিউচারের দামও ০.৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২৮ ডলার ৪০ সেন্টে পৌঁছায়। এর আগে শুক্রবার স্পট স্বর্ণের দাম ৩ হাজার ৯৭৫ ডলারে নেমেছিল, যা ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।

মূল্যবান অন্যান্য ধাতুর বাজারে সোমবার মিশ্র চিত্র দেখা গেছে। স্পট রুপার দাম ০.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৩ ডলার ৯৯ সেন্ট হয়েছে। অন্যদিকে প্লাটিনামের দাম ০.৩ শতাংশ কমে ১ হাজার ৫৪৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৪৩ ডলার ৪৭ সেন্টে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

মতামত দিন