আবহাওয়া
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে সতর্কতা জারি থাকলেও বাংলাদেশে এর সরাসরি বড় প্রভাব পড়ার আশঙ্কা কম। ঝড়টির সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে।

তবে এর প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টার পর্যবেক্ষণে ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা ঝড়টি আরও শক্তিশালী হওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, সোমবার রাতের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, পরে অতি প্রবল ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

ঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে আগামী কয়েক দিনে। আজ চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। অন্যদিকে দেশের অধিকাংশ অঞ্চলে আপাতত আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র পরিস্থিতির দিকেও নজর রাখছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টির নাম ‘অর্ণব’ রেখেছে বাংলাদেশ। বঙ্গোপসাগর ও আরব সাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক প্যানেলের ১৩টি সদস্যদেশ। এ তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন রয়েছে। ‘অর্ণব’ শব্দের অর্থ সাগর; তালিকায় পরবর্তী নাম ‘মুরাসু’, যা ভারতের প্রস্তাবিত।

ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় সতর্কবার্তা ও পূর্বাভাস সহজে শনাক্ত এবং প্রচারের সুবিধার জন্য, বিশেষ করে যখন একই সময়ে একাধিক ঝড় সক্রিয় থাকে।

মতামত দিন