সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, পর্যটকপ্রতি দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশ সীমিত রেখে পরিবেশ সংরক্ষণ ফি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত নির্ধারিত শর্তে দ্বীপটিতে ভ্রমণ করা যাবে।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা চিঠিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। আন্তঃমন্ত্রণালয় সভায় নেওয়া সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় পর্যটকবাহী অনুমোদিত জাহাজ টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে চলাচল করবে। দ্বীপের পরিবেশ রক্ষায় আদায় করা ফি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে পরিবেশ অধিদপ্তর। এ ক্ষেত্রে ইকোসিস্টেম ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর ২৬ নম্বর বিধি অনুসরণ করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এ ছাড়া ২০২৩ সালের ২২ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও কার্যকর থাকবে। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজারের পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সেন্টমার্টিনের প্রবালসম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে পর্যটন কার্যক্রম পরিচালনা এবং পরিবেশগত বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়।
মতামত দিন