সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার।
দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও কাতারের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
শনিবার (২৪ অক্টোবর) ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির ২০২৬ সালের ৫১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুমোদিত প্রস্তাবের মধ্যে পাঁচ কার্গো এলএনজি কেনা হবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসারে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ গ্যাস কেনার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি, উভয় পক্ষ সম্মত হলে অতিরিক্ত কার্গো কেনার সুযোগ রাখার কথাও রয়েছে।
এ প্রস্তাবে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দরের চেয়ে ০.১৭ মার্কিন ডলার কম। বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে এ ক্ষেত্রে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।
অন্যদিকে, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে আরও এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এই গ্যাস কেনা হবে। কার্গোটি ২০২৬ সালের ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত রয়েছে।
কাতারের প্রতিষ্ঠানটির কাছ থেকে কেনার ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য জেকেএম দরের চেয়ে ০.১০ মার্কিন ডলার কম রাখার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রেও কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত দুটি প্রস্তাব পর্যালোচনার পর অনুমোদনের সুপারিশ করা হয়।
মতামত দিন