‘অপ্রয়োজনীয় ব্যয় কমাবে সরকার, দরকারি খাতে বরাদ্দ থাকবে’: প্রধানমন্ত্রী।
রাজস্ব আহরণ বাড়ানো এবং কর ব্যবস্থাপনা কার্যকর করার চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের মধ্যে রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করা জরুরি। একই সঙ্গে সরকারি ব্যয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খাত চিহ্নিত করে ব্যয় কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি ব্যয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’
রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ।’ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন। সম্মেলনে রাজস্ব আদায় বাড়ানো, কর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং দেশের অর্থনীতির প্রয়োজনীয় অর্থ সংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মতামত দিন