হুথি হামলায় বন্ধ ফ্লাইট, আবারও চালুর প্রস্তুতি রিয়াদ বিমানবন্দরের।
সৌদি আরবের রিয়াদে বিমানযাত্রীদের জন্য টার্মিনালসংক্রান্ত নির্দেশনায় পরিবর্তন আসছে। রোববার (২৫ অক্টোবর) থেকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জাতীয় বিমান সংস্থাগুলোর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আলাদা টার্মিনাল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের ভেতরের রুটের ফ্লাইট ধরতে যাত্রীদের যেতে হবে টার্মিনাল-১-এ। আর আন্তর্জাতিক রুটে সৌদি জাতীয় বিমান সংস্থাগুলোর ফ্লাইটের যাত্রীদের জন্য নির্ধারিত হয়েছে টার্মিনাল-২।
ফ্লাইট ধরতে যাওয়ার আগে যাত্রীদের টিকিটের তথ্য ও সময়সূচি আবার যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার প্রকাশিত ভ্রমণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুকিং নিশ্চিত থাকলেও বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে।
রিয়াদ বিমানবন্দরে এই পরিবর্তনের পেছনে রয়েছে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে রাজধানীসহ সৌদি আরবের কয়েকটি এলাকায় অস্থিরতা তৈরি হয়েছিল, যার প্রভাব পড়ে বিমান চলাচলেও। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে কিছু ঘটনায় সিভিল ডিফেন্সের কর্মীদেরও দায়িত্ব পালন করতে হয়েছে।
এ পরিস্থিতির পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিবহন ও ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে টার্মিনাল ব্যবস্থাপনায় এ পরিবর্তন আনা হচ্ছে।
সূত্র: সৌদি গেজেট
মতামত দিন