জাতীয়
ছবি: সংগৃহীত

মারা গেলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

সাংবাদিকতা ও রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান আর নেই। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মারা যান তিনি।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুইবার সংগঠনটির সভাপতি নির্বাচিত হন তিনি।

পরিবারের তথ্য অনুযায়ী, শুক্রবার বনানীতে নিজের বাসায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন শফিকুর রহমান। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন।

ছাত্রজীবনেই রাজনীতিতে যুক্ত হন শফিকুর রহমান। ১৯৬৫ সালে ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন তিনি।

রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। পেশাগত দক্ষতা বাড়াতে জাপান, জার্মানি ও যুক্তরাজ্যে উচ্চতর প্রশিক্ষণ নেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন। ২০১৯ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত সংসদে ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন মুহম্মদ শফিকুর রহমান।

মতামত দিন