বিনোদন
ছবি: সংগৃহীত

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় উদ্বিগ্ন ওমর সানী, করলেন দোয়া।

নিজেস্ব প্রতিবেদক:

‘আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ ভালো রাখুন তোমাকে’—জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই নিজের উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে আসিফের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর ফেসবুকে পোস্ট দেন তিনি।

পোস্টে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবরের ছবি যুক্ত করে ওমর সানী লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’

এদিকে হামলার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, কিংবা এর পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি পুলিশ।

শনিবার ভোরে মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে শিল্পীর গাড়িতে গুলির ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংগীতাঙ্গন ও বিনোদনজগতের অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আসিফের ভক্তরাও তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত। এমন পরিস্থিতিতে ওমর সানীর পোস্টে শিল্পীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

মতামত দিন