বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, রোববার থেকে বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে।
বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়াব্যবস্থার কারণে আগামীকাল রোববার থেকে দেশের দক্ষিণাঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
শনিবার সকালে দেওয়া সতর্কবার্তায় অধিদপ্তর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সকাল ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে।
আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশীদ শনিবার বেলা ১১টায় আজকের পত্রিকাকে বলেন, লঘুচাপটি শনিবার দুপুরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর রোববার এটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে এটি ভারতের ওডিশা কিংবা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। পরে বিহার ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এর গতিপথ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য এখনো পাওয়া যায়নি।
এই আবহাওয়াব্যবস্থার প্রভাবে রোববার থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ছাড়াও ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানান বজলুর রশীদ। তবে সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
এদিকে সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাব কেটে গেলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। অক্টোবরের শেষ ভাগ পেরিয়ে নভেম্বর শুরু হলে ধীরে ধীরে সারা দেশে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ড. বজলুর রশীদ।
মতামত দিন