গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এসআইসহ নিহত ২, আহত ২।
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দা রফিক মোল্লা। শুক্রবার ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল দায়িত্ব পালন করছিল। ভোরের দিকে কলেজের সামনে গাড়ি থামিয়ে সড়কের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর (২৮) এবং চালক রাব্বি (২৮)। এ সময় ঘোড়াশালগামী একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর সহকর্মীরা আহত চারজনকে উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই পুলিশ সদস্য মিজানুর রহমান ও জাবেদ ওমরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত জাবেদ ওমর সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত পুলিশ সদস্য ও গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত এসআই মিজানুর রহমানের বয়স ৩০ বছর। রফিক মোল্লার বয়স ৪৫ বছর। তিনি কালীগঞ্জের তুমুলিয়া এলাকার বাসিন্দা এবং মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, নিয়মিত টহলের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য ও স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মতামত দিন