আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট।
দুর্গাপূজা উপলক্ষে বাড়ানো দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময়সীমা শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রাজধানীসহ দেশের মার্কেট, শপিং মল ও দোকানপাট আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনার চাপ সামলাতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় নির্ধারণ করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ বিভাগ ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়। নির্ধারিত সময় শেষ হওয়ায় শুক্রবার থেকে আগের সময়সূচি আবার কার্যকর হলো।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, পূজার সময় বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট চালু রাখার অনুমতি ছিল। তবে ২৩ অক্টোবর থেকে প্রতিষ্ঠানগুলোকে রাত ৮টার মধ্যে বন্ধ করার নিয়মে ফিরতে হবে।
জ্বালানিসংকটের প্রেক্ষাপটে এ বছর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময় একাধিকবার বদলানো হয়েছে। এপ্রিলের শুরুতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পরে সেই সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
এরপর কোরবানির ঈদ সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুনে সময়সীমা কমিয়ে রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। সেই সময়সূচিই এখন আবার বহাল হচ্ছে।

মতামত দিন