আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হলে আগামী রোববার থেকে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুরুতে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরদিন সোমবার খুলনা ও বরিশাল বিভাগেও বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি লঘুচাপ রয়েছে। এর বিস্তৃতি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার পরিবর্তনের আভাস মিলতে পারে রোববার (২৫ অক্টোবর) থেকে। ওই দিন সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) বৃষ্টির সম্ভাব্য এলাকা আরও বিস্তৃত হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। সেদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মতামত দিন