মক্কায় বন্যার পানিতে ভেসে শিশুর মৃত্যু, নিখোঁজ আরেকজন।
সৌদি আরবের মক্কা নগরীতে ভারী বৃষ্টির পর সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে যাওয়া তিন শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ (সিভিল ডিফেন্স)। ঘটনার পরপরই উদ্ধারকারী দল নিখোঁজ শিশুদের সন্ধানে অভিযান শুরু করে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রবল বৃষ্টির পর পানির স্রোতে তিন শিশু ভেসে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্য একজনকে বাঁচানো যায়নি। নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স দুর্ঘটনার বিষয়টি জানায়। তবে ঠিক কী পরিস্থিতিতে শিশুরা পানির স্রোতে ভেসে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এদিকে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ এলাকা, পাহাড়ি উপত্যকা বা ওয়াদি, পানি নিষ্কাশনের নালা এবং বৃষ্টির পানি দ্রুত জমে এমন নিচু স্থানে যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করেছে, ভারী বৃষ্টির সময় পাহাড়ি এলাকা ও উপত্যকা দিয়ে হঠাৎ নেমে আসা পানির স্রোত অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাই নাগরিকদের পাশাপাশি প্রবাসী ও পর্যটকদেরও সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন