বঙ্গোপসাগরে ২৩ অক্টোবর লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, পরে বাড়তে পারে বৃষ্টি।
বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৩ অক্টোবর দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি তৈরি হতে পারে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যেই নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
শুক্রবার (২৩ অক্টোবর) আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২৪ অক্টোবর) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সম্ভাব্য নতুন লঘুচাপের পাশাপাশি আবহাওয়ার এ পরিবর্তনের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন