সৌদি আরবের রাজধানীতে হামলা, নিরাপত্তা সতর্কতা জারি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) শহরটিকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ছুড়লেও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেটি ধ্বংস করে সৌদি আরব।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেন। তবে হামলার লক্ষ্যবস্তু ও এর পেছনের পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পাঠায়। এতে নাগরিকদের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ এবং সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়।
এদিকে, বার্তা সংস্থা এএফপির সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দারা রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: আল-জাজিরা
মতামত দিন