জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৩৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। অক্টোবরের প্রথম ২০ দিনেই এ রোগে প্রাণ হারিয়েছেন ১১২ জন। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৭ জনে।

ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৫ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। এ ছাড়া বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনায় ১৪১ জন, রাজশাহীতে ১২৮ জন, চট্টগ্রামে ১০৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮০ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির চিত্রে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন।

মতামত দিন