সৌদি আরবে ২৮ অক্টোবর পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, এ সময় কোথাও হালকা বৃষ্টি হলেও কয়েকটি অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা, পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসের বিস্তৃতি তুলে ধরে একটি অ্যানিমেটেড আবহাওয়া মানচিত্রও প্রকাশ করেছে এনসিএম।
ইতোমধ্যে আসির, আল বাহা ও মক্কা অঞ্চলের তায়েফে বৃষ্টিপাত শুরু হয়েছে। এসব এলাকায় পর্যায়ক্রমে মাঝারি থেকে ভারি বজ্রঝড় হতে পারে। পাশাপাশি জাজানের পূর্বাঞ্চল, হাইল ও উত্তর সীমান্ত অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টির তীব্রতা
আগামী শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। আল বাহা, তায়েফ, মক্কা, আসির ও জাজানের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে আল বাহায় ভারি বর্ষণের আশঙ্কা বেশি। বৃষ্টির প্রভাব মক্কার আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে নর্দান বর্ডারস, হাইল ও আল জুফে হালকা বৃষ্টি হতে পারে।
শনিবার (২৪ অক্টোবর) আসির, জাজান ও আল বাহার সংলগ্ন এলাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে ভারি বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। একই দিনে আল জুফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইলের উত্তর-পশ্চিমাঞ্চল ও মদিনার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রোববার (২৫ অক্টোবর) জাজান ও আসিরে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া মদিনা ও হাইলের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৬ থেকে ২৮ অক্টোবর উত্তরাঞ্চলে ছড়াতে পারে বৃষ্টি
সোমবার (২৬ অক্টোবর) জাজান থেকে মক্কার দক্ষিণাংশ পর্যন্ত উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। আসিরের পশ্চিমাঞ্চল ও আল বাহার দক্ষিণাংশে অতি ভারি বৃষ্টি হতে পারে। এ সময় মদিনা, হাইল, তাবুক ও উত্তর সীমান্ত অঞ্চলের কিছু এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আবহাওয়াব্যবস্থা উত্তর দিকে সরে যাওয়ায় তাবুক, আল জুফ ও মদিনার উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে হাইল ও উত্তর সীমান্ত অঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত অস্থিতিশীল আবহাওয়া চলতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ওই দিন তাবুক, আল জুফ, মদিনার উত্তরাঞ্চল ও উত্তর সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে তাবুকে বৃষ্টিপাতের তীব্রতা বেশি হতে পারে।
সূত্র: গালফ নিউজ

মতামত দিন