নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২।
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় উদ্ধার তৎপরতা চলার মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের বিভিন্ন হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার সকাল সাড়ে ৮টায় ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। তাদের উদ্ধারে কর্মীদের বেগ পেতে হচ্ছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। উদ্ধারকাজের পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
মতামত দিন