আ:লীগ ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অভিযোগ, জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি শহীদ পরিবারগুলোর প্রতি অবজ্ঞার শামিল।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা আমন্ত্রণ পেয়েও উপস্থিত হননি। তাঁর মতে, এমন একটি অনুষ্ঠানে যোগ না দিয়ে বিরোধী দল জুলাইয়ের চেতনার প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টার বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, “বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে।”
তবে বিরোধী দলের রাজনৈতিক ভূমিকার সমালোচনার পাশাপাশি গঠনমূলক সমালোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করা বিরোধী দলের স্বাভাবিক দায়িত্ব। কিন্তু সেই বিরোধিতা হতে হবে দেশের মানুষের স্বার্থকে সামনে রেখে।
তিনি আরও বলেন, একই মঞ্চে বসতে অনীহা থাকলেও বিরোধী দলের নেতারা শহীদ পরিবারের সদস্যদের পাশে বসতে পারতেন। তাঁর বক্তব্যে, বিএনপি যেমন জনগণের ভোটে সরকার গঠন করেছে, তেমনি বিরোধী দলও জনগণের সমর্থন পেয়েছে।
নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভোটের আগে বিএনপি ও বিরোধী দল উভয়েই জনগণের কাছে গিয়েছিল। এরপর ভোটাররাই নির্ধারণ করেছেন আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবেন। এই সিদ্ধান্তকে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলন হিসেবে তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বিষয়টিও সামনে আনেন তারেক রহমান। তাঁর মতে, দুই সময়ের সংগ্রামেরই অন্যতম লক্ষ্য ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।
প্রধানমন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৮১৩ জনের নাম স্মৃতিস্তম্ভে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের আত্মত্যাগের ফলে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার গঠনের পথ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মতামত দিন