জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা ১ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৪৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চলে নতুন রোগী শনাক্তের চাপ অব্যাহত রয়েছে।

নতুন রোগীদের সবচেয়ে বড় অংশ ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে—৫৯৫ জন। খুলনা বিভাগে ২৯০ জন রোগী ভর্তি হয়েছেন। রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায়ও নতুন রোগীর সংখ্যা উল্লেখযোগ্য: ঢাকা উত্তরে ২৩২ জন এবং দক্ষিণে ২৩১ জন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ২০০, বরিশালে ১৯৯, চট্টগ্রামে ১৬১, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭২ এবং সিলেটে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৪০০। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬ হাজার ২৬ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুজনের একজন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার এবং অন্যজন সিলেট বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার বাসিন্দা।

মতামত দিন