আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান তুরস্কের।

নিজেস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর জোর দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মনে করেন, অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম দেশগুলোর সম্মিলিত অবস্থান গুরুত্বপূর্ণ।

ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনকে কেন্দ্র করে এ বার্তা দিয়েছে আঙ্কারা। শনিবারের বৈঠক শেষে তুরস্কের অবস্থান তুলে ধরেন ফিদান। রোববার (১৮ অক্টোবর) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আনাদোলু এজেন্সি।

বৈঠকে মুসলিম বিশ্বের সংকটগুলো মোকাবিলায় একক উদ্যোগের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে তুরস্ক। ফিলিস্তিনের পরিস্থিতিকে এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সদস্য দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন অবস্থান তৈরি এবং সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন ফিদান।

ওআইসির এই অধিবেশনের পাশাপাশি ইরাকের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

সফরকালে ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি, প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ও পার্লামেন্টের স্পিকার হাইবেত আল-হালবুসির সঙ্গে বৈঠক করেন তিনি। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জায়দান, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস কমিশনের চেয়ারম্যান ফালিহ আল-ফাইয়াদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আব্বুদির সঙ্গে তার আলোচনা হয়।

ইরাকি তুর্কমেন ফ্রন্টের প্রেসিডেন্ট ও কিরকুকের গভর্নর মেহমেত সেমান আগাওলুর সঙ্গেও সাক্ষাৎ করেন ফিদান।

মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি জোরদারের বিষয়ে তুরস্কের এই অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন ফিলিস্তিনসহ বিভিন্ন অঞ্চলের সংকট আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মতামত দিন