কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান।
দুর্নীতি ও অর্থপাচারের মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানকে কাতারে আটক করা হয়েছে। গত ১৫ অক্টোবর কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো ওই বার্তায় গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক।
দুদকের অভিযোগ অনুযায়ী, সাবেক এই বিমানবাহিনী প্রধানের বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তার ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অন্যদিকে, শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।
এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তার সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালের ১১ জুন দায়িত্ব শেষে অবসরে যান তিনি।
কাতারে গ্রেপ্তারের পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মতামত দিন