ভারতের মন্দিরে ভক্তদের ওপর ট্রাক, নিহত ১২; আহত ৩০।
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ধর্মীয় উৎসব চলাকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শীতলা মাতা মন্দিরের কাছে সমবেত মানুষের ভিড়ে একটি ধানবোঝাই ট্রাক ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নবরাত্রি উপলক্ষে মন্দির এলাকায় তখন বহু মানুষের উপস্থিতি ছিল।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ছিনোর এলাকা থেকে আসা ট্রাকটি ঢালু রাস্তা দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ট্রাকটি পুলিশের নিরাপত্তাবেষ্টনী ও চেকপোস্ট ভেঙে সড়কে থাকা লোকজনের ওপর উঠে যায়। পরে মন্দিরের প্রবেশপথের ফটক ও দেয়ালেও ধাক্কা লাগে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, আহত অবস্থায় মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা যান। গুরুতর আহত পাঁচ থেকে ছয়জনের অবস্থা সংকটাপন্ন।
গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ধর্মবীর সিং জানান, ওই এলাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তা সত্ত্বেও ট্রাকটি কীভাবে পুলিশের বাধা অতিক্রম করে মন্দির এলাকায় প্রবেশ করল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। দুর্ঘটনার পেছনে চালকের অবহেলা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি কিংবা নিরাপত্তাব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মতামত দিন