জাতীয়
ছবি: সংগৃহীত

১৮ অক্টোবর পর্যন্ত বন্ধ ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবগামী যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণব্যবস্থা জোরদার করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও জেদ্দা ও মদিনা হয়ে দেশটিতে যাওয়ার সুযোগ থাকছে।

যাত্রীদের চাহিদা সামাল দিতে মদিনা রুটে বড় উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি জেদ্দায় বাড়তি ফ্লাইট চালানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

বন্ধ থাকা রুটগুলোতে কখন আবার উড়োজাহাজ চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত ফ্লাইট সূচি পরে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে মদিনাগামী যাত্রীদের জন্য উড়োজাহাজের ধরনেও পরিবর্তন এনেছে বিমান। আগে ব্যবহৃত বোয়িং ৭৮৭-এর পরিবর্তে এ রুটে বোয়িং ৭৭৭ পরিচালনা করা হচ্ছে। এর ফলে প্রতিটি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বাড়বে। অন্যদিকে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াতে জেদ্দা রুটে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

মতামত দিন