চাঁদপুরে এক রাতেই ২১ জেলে আটক, জব্দ ১০ মণ ইলিশ।
নিষিদ্ধ সময়ে ইলিশ ধরতে গিয়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে আটক হয়েছেন ২১ জেলে। অভিযানে ছয়টি মাছ ধরার নৌকা, ১০ মণ ইলিশ ও ১২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতভর নদীতে তল্লাশি চালিয়ে এসব জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে অভিযানের বিষয়টি জানান চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজমগীর হোসাইন।
নৌ পুলিশ জানিয়েছে, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জারি করা নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে আটক জেলেদের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তদারকি করেন সদর নৌ থানার ওসি আজমগীর হোসাইন।
এদিকে নিষেধাজ্ঞা কার্যকরের প্রথম সপ্তাহের অভিযানের হিসাবও তুলে ধরেছে নৌ পুলিশ। থানার ওসি জানান, এ সময়ে ৫০ কেজি ইলিশের পাশাপাশি ৫৫ হাজার মিটার অবৈধ জাল ও ২০টি নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট ২৪টি নিয়মিত মামলা হয়েছে।
নদীতে ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ বজায় রাখতে নজরদারি চলবে বলে জানিয়েছেন ওসি। সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।

মতামত দিন