অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা।
রাজধানীর উত্তরায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে পাঁচটি পোশাক কারখানায়। শ্রমিকদের ধর্মঘট এবং কর্মস্থলে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরির অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ সিদ্ধান্ত জানায় কারখানা কর্তৃপক্ষ।
বন্ধের তালিকায় রয়েছে ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।
কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী নিরাপত্তা বিভাগের কার্যক্রম চালু রেখে কারখানাগুলোর বাকি সব বিভাগের কাজ স্থগিত থাকবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। কারখানাগুলো আবার কবে চালু হবে, তা পরবর্তী নোটিশে জানানো হবে।
নোটিশে আরও অভিযোগ করা হয়, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবিতে কারখানায় এলেও কাজে যোগ না দিয়ে ধর্মঘট করেন। কাজে ফেরার জন্য কর্তৃপক্ষের অনুরোধে সাড়া না দিয়ে তাঁরা কর্মস্থলে ভীতিকর ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেন বলে দাবি করা হয়েছে।
এ ধরনের পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং কারখানার সম্পদ সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতির কারণে স্বাভাবিক উৎপাদন ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঁচ কারখানার উৎপাদন ও অন্যান্য বিভাগের কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
মতামত দিন