একটি চক্র দেশ ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী।
দেশের ভেতরে ও বাইরে থেকে একটি মহল সরকার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অপতৎপরতা ঠেকাতে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, পূজার নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে একাধিকবার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের নেতাকর্মীদের মণ্ডপ পরিচালনা কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, পাহারার ব্যবস্থা করা এবং উৎসবের ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ন রাখতে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবাবগঞ্জের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, এই এলাকায় হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক মানুষের বসবাস। ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক আগেও একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষের কাছেই তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে উল্লেখ করেন রিজভী।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বহুবার এই এলাকায় এসে মানুষের সুখ-দুঃখ ও নানা অভিজ্ঞতার সঙ্গে খন্দকার আবু আশফাকের সম্পৃক্ততা দেখেছেন। তাই আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। প্রত্যেকে নিজ নিজ বিশ্বাস ও জীবনাচার অনুযায়ী ধর্ম পালন করবেন, অন্যের ধর্মকে অবজ্ঞা করবেন না—এটাই হওয়া উচিত সবার অঙ্গীকার।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তিনি সব সময় পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে দুর্গাপূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন বলেও জানান।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রাধ্যেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মতামত দিন