জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৩২ জন রয়েছেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ১ হাজার ৮৩০ জন। তবে একই সময়ে ১০ জনের মৃত্যু এবং প্রায় দুই হাজার নতুন রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য ডেঙ্গু পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

মতামত দিন