ঠাকুরগাঁও-১ আসনে ভোটের দিন যান চলাচলে কড়াকড়ি, নিষেধাজ্ঞার আওতায় যেসব যান।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের যাতায়াত ও নির্বাচনী কার্যক্রম ঘিরে যানবাহন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের বাইরে মোটরসাইকেল চালানো যাবে না।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ অক্টোবর রাত ১২টা থেকে ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না ২৮ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
তবে বিধিনিষেধের কারণে জরুরি সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য বেশ কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের কাজে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। অনুমোদিত পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের পাশাপাশি ওষুধ, চিকিৎসাসামগ্রী ও সংবাদপত্র পরিবহনের গাড়িও চলাচল করতে পারবে। দূরপাল্লার যাত্রীবাহী যান এবং দূরপাল্লার যাত্রীদের স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টের জন্য পৃথকভাবে একটি করে জিপ, কার, মাইক্রোবাস বা ছোট আকৃতির যান চলাচলের অনুমতি দেওয়ার সুযোগ রয়েছে। তবে এজন্য রিটার্নিং কর্মকর্তার অনুমোদন নিতে হবে এবং গাড়িতে নির্ধারিত স্টিকার লাগিয়ে রাখতে হবে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের যানবাহন এবং জরুরি প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রেও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমতি প্রয়োজন হবে।
বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২৯ অক্টোবর ভোটের আগে ও ভোটের দিন যান চলাচল নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ আসনে ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, বিরতিহীনভাবে। নির্বাচনী প্রচারণা শেষ হবে ২৭ অক্টোবর সকাল ৮টায়।
ভোটের লড়াইয়ে রয়েছেন পাঁচজন প্রার্থী। বিএনপির মির্জা ফয়সল আমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে। জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেনের প্রতীক দাঁড়িপাল্লা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী লড়ছেন বটগাছ প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলামের প্রতীক হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের প্রতীক ডাব।
মতামত দিন