অপরাধ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ১২ কোটি টাকার মোবাইল ডিসপ্লে উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল কার্টন ফেলে পালিয়ে যায়।

বুধবার (১৪ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন আলীনগর বিওপির একটি টহল দল।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেওয়ার পর টহল সদস্যরা ভারতের দিক থেকে কয়েকজনকে মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখেন। তাদের থামানোর চেষ্টা করে ধাওয়া দিলে বহনকারীরা কার্টন ফেলে দ্রুত সরে পড়ে। পরে কার্টনগুলো পরীক্ষা করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিপুলসংখ্যক মোবাইল ফোনের ডিসপ্লে পাওয়া যায়।

জব্দ করা পণ্যগুলো আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তে চোরাচালান ঠেকাতে পরিচালিত অভিযানের সাম্প্রতিক পরিসংখ্যানও তুলে ধরেছে বাহিনীটি। তাদের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৬৫৫টি ইয়াবা, ৪৭২ কেজি গাঁজা, ১ হাজার ১৮৭ বোতল ইস্কাফ, ২৭৫ বোতল বিদেশি মদ এবং ১৭৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৪ অক্টোবর পর্যন্ত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় মোট ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। এর মধ্যে প্রায় ১২৩ কোটি টাকার অন্যান্য চোরাচালানি সামগ্রী রয়েছে। এসব ঘটনায় ২৫ জনকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজয়নগর ও আখাউড়া ছাড়াও হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন