আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হুথিবিরোধী যুদ্ধে ইসরায়েলের অংশগ্রহণে সৌদি যুবরাজের আপত্তি।

নিজেস্ব প্রতিবেদক:

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলকে সম্পৃক্ত করার উদ্যোগ সৌদি আরবের আপত্তিতে এগোয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি জনগণের মধ্যে এ ধরনের সহযোগিতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে—এমন আশঙ্কাই সিদ্ধান্তটির পেছনে কাজ করেছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

প্রস্তাবটি ঘিরে তেল আবিবের প্রত্যাশা ছিল, ইয়েমেন ইস্যুতে দুই দেশের সামরিক সহযোগিতা শুরু হলে পারস্পরিক সম্পর্কের নতুন পথ খুলবে। এর ধারাবাহিকতায় ভবিষ্যতে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনাও তৈরি হতে পারত। তবে সৌদি যুবরাজের আপত্তিতে সেই সম্ভাবনা আপাতত বাধার মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা অবশ্য নতুন নয়। আব্রাহাম অ্যাকর্ডের আওতায় রিয়াদকে যুক্ত করতে দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ উদ্যোগে আগ্রহী ছিলেন। কিন্তু এখন পর্যন্ত সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।

ফিলিস্তিন প্রশ্নে সৌদি আরবের অবস্থান এ ক্ষেত্রে বড় বাধা হিসেবে রয়েছে। রিয়াদ বারবার জানিয়েছে, ফিলিস্তিন সমস্যার ন্যায়সংগত সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ নিশ্চিত না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ নেই। অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর নির্বাচনী বক্তব্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে হুতিদের হামলার কারণে সৌদি আরবের নিরাপত্তা ও বিমান চলাচল খাতও চাপের মুখে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ কারণে বিভিন্ন বিমান সংস্থাকে ফ্লাইট বাতিল করতে হয়েছে।

ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ফলে সামরিক সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা কত দূর এগিয়েছিল, কিংবা ভবিষ্যতে এ বিষয়ে নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—তা স্পষ্ট নয়।

সূত্র: এনডিটিভি

মতামত দিন