টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে।
গাজীপুরের টঙ্গীতে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের কারখানায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার আগে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।
টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত কারখানাটির ইউনিট-২-এর সাততলা ভবনে বুধবার সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ভবনটির চতুর্থ তলায় প্রথম আগুন দেখা যায় বলে জানা গেছে। পরে আগুন দ্বিতীয় তলাতেও ছড়িয়ে পড়ে।
কারখানার নিজস্ব কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকা থেকে একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও কাজ করেন। কারখানার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির অবনতি হওয়ায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর সহায়তা প্রয়োজন হয়।
দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। ২১টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।
মহাপরিচালক আরও জানান, ভবনটিতে ইনজেকশনসহ জরুরি ওষুধ থাকায় আগুনের ঘটনায় সৃষ্ট ধোঁয়া শ্বাসকষ্টের ঝুঁকি তৈরি করে। এতে ফায়ার সার্ভিসের একজন কর্মী অসুস্থ হন এবং তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের প্রভাবে কারখানার আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। আগুন নেভানোর কাজে বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতি এবং সড়কে যানজটের কারণে ওই এলাকায় চলাচলে ভোগান্তিতে পড়েন মানুষ।
আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটির ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতামত দিন