জাতীয়
ছবি: সংগৃহীত

ট্রেনের টিকিটে প্রতারণার দায় নেবে না রেলওয়ে, যাত্রীদের জন্য সতর্কবার্তা।

 নিজেস্ব প্রতিবেদক:

ফেসবুক পেজে টাকা পাঠিয়ে কিংবা অপরিচিত কারও কাছ থেকে ট্রেনের টিকিট কিনে বিপদে পড়লে সেই ক্ষতির দায় বাংলাদেশ রেলওয়ে নেবে না। টিকিট বিক্রির নামে প্রতারণা ও ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি এড়াতে যাত্রীদের নির্ধারিত বিক্রয়ব্যবস্থা ব্যবহারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, টিকিট কেনার জন্য নির্ধারিত ব্যবস্থার বাইরে লেনদেন করলে প্রতারিত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার মতো সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। এসব ক্ষেত্রে দায়ভার রেলওয়ে বহন করবে না।

টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের সামনে তিনটি অনুমোদিত পথ রয়েছে—বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট, ‘রেল সেবা’ অ্যাপ এবং অনুমোদিত টিকিট কাউন্টার। অনলাইন টিকিটের সরকারি ওয়েব ঠিকানা https://eticket.railway.gov.bd। এর বাইরে অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ কিংবা ব্যক্তির মাধ্যমে টিকিট কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অনলাইন লেনদেনের সময় ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টিও বিশেষভাবে মনে করিয়ে দিয়েছে রেলওয়ে। যাত্রীদের পাসওয়ার্ড, একবার ব্যবহারযোগ্য গোপন সংকেত (ওটিপি) এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য অন্য কারও কাছে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

টিকিট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপরিচিত ব্যক্তি বা পেজ থেকে টাকা চাওয়া হলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। যাত্রার টিকিট কেনার আগে ওয়েবসাইটের ঠিকানা যাচাই করা এবং পরিচয় নিশ্চিত নয়—এমন কারও কাছে অর্থ না পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রেলওয়ের বার্তায় মূলত টিকিট কেনার ক্ষেত্রে নির্ধারিত চ্যানেল অনুসরণ এবং গোপনীয় তথ্য নিজের নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে প্রতারণার ঝুঁকি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।

মতামত দিন