জাতীয়
ছবি: সংগৃহীত

দুই বিষয়ে ফেল করা এসএসসি পরীক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষার ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

পরীক্ষায় ব্যর্থতার কারণে শিক্ষার্থীরা যাতে দীর্ঘ সময় শিক্ষাজীবনের বাইরে চলে না যায়, সে বিষয়টি সামনে রেখে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের দ্রুত মূল্যায়নের উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে এসব শিক্ষার্থীর পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার বগুড়ায় ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অকৃতকার্যদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরির কথা জানান। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সম্পূরক পরীক্ষা চালুর বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর মধ্যেও আলোচনা চলছিল। সোমবার (১২ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে পাস করতে না পারা শিক্ষার্থীদের জন্য ‘সাপ্লিমেন্টারি এক্সাম’ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তাঁর আগের বক্তব্যে নতুন এই পদ্ধতি ২০২৭ সাল থেকে চালুর পরিকল্পনার কথা বলা হয়েছিল।

তবে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর ঘোষণায় দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা আয়োজনের সময়সীমা সামনে এসেছে। এ উদ্যোগ বাস্তবায়নে কীভাবে পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি বক্তব্যে দেননি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নিজের একটি পুরোনো লেখার কথাও স্মরণ করেন। তিনি বলেন, ২০১৫ সালে বিরোধী দলে থাকাকালে ‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলেন। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তারেক রহমানকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই লেখাটি তৈরি করেছিলেন বলে জানান তিনি। সে সময় তারেক রহমান প্রধানমন্ত্রী ছিলেন না বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

মতামত দিন