অর্থনীতি
ছবি: সংগৃহীত

টানা দুই দিন সারা দেশে এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস কিনতে চলতি সপ্তাহে দুই দিন সমস্যায় পড়তে পারেন দেশের গ্রাহকরা। ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ তুলে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এলপিজি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

১৫ ও ১৬ অক্টোবর সারা দেশের বিক্রয়কেন্দ্র বন্ধ থাকলে সিলিন্ডার কেনাবেচায় সাময়িক অচলাবস্থার আশঙ্কা তৈরি হবে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান সংগঠনটির সভাপতি সেলিম খান। তিনি বলেন, এলপিজি ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদ জানাতেই টানা দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, এমন ঘোষণার আগে থেকেই এলপিজির দাম বাড়তি রয়েছে। গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। নতুন দাম কার্যকর হওয়ার পর এবার বিক্রেতাদের ধর্মঘটের সিদ্ধান্তে বাজারে গ্যাসের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্রি বন্ধ থাকাকালে সরবরাহ কীভাবে পরিচালিত হবে, কিংবা সিদ্ধান্তের বাইরে কোনো বিকল্প ব্যবস্থা থাকবে কি না—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মতামত দিন