আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, ভ্রমণ অনিশ্চয়তায় সাড়ে ৩ হাজার যাত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে বাংলাদেশ-রিয়াদ রুটে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান চলাচল। গত তিন দিনে দুই দেশের মধ্যে চলাচলকারী ১০টি ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী।

পরিস্থিতির কারণে যাত্রা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেকে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ হিসাব বলছে, বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা আগের নয়টি থেকে বেড়ে ১০টিতে পৌঁছেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যাও ৩ হাজার ১২ থেকে বেড়ে ৩ হাজার ৪৩১ হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট।

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার পর গত শনিবার থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা দেয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রোববার বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হলে বাংলাদেশ ও সৌদি আরবের রাজধানীর মধ্যে আকাশপথের যোগাযোগ আরও ব্যাহত হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে অন্তত পাঁচবার হামলার মুখে পড়েছে রিয়াদ বিমানবন্দর। এ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল ও চলাচলে বিঘ্নের কারণে যাত্রীদের যাত্রাসূচি অনিশ্চিত হয়ে পড়েছে।

মতামত দিন