তিন বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা।
দেশের বেশির ভাগ এলাকায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকলেও চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের বিচ্ছিন্ন কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অঞ্চলে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সারা দেশে কিছুটা বাড়তে পারে। রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ তৈরির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে, ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১৯ মিলিমিটার।

মতামত দিন