আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত ১০ হাজারের বেশি প্রবাসী।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে বসবাস ও কাজের নিয়ম ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার মানুষকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন বাস্তবায়নে দেশজুড়ে পরিচালিত অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানের পরিসংখ্যান প্রকাশ করে। এতে বলা হয়, গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ৭৮৫ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ ছাড়া সীমান্ত সুরক্ষা আইন ভাঙার অভিযোগে ৩ হাজার ৭১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেও আটক হয়েছেন ১ হাজার ৩৩৮ জন। তাদের মধ্যে ৬৬ শতাংশ ইথিওপিয়ার এবং ৩৩ শতাংশ ইয়েমেনের নাগরিক। অবশিষ্ট ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার চেষ্টার সময় আটক করা হয়েছে আরও ৩৪ জনকে।

শুধু আইন লঙ্ঘনকারীদের আটক বা ফেরত পাঠানোই নয়, তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গকারীদের যাতায়াত, থাকার জায়গা কিংবা কাজের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান থাকার কথা জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, নথিপত্রহীন ব্যক্তিদের পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা অন্যভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি জরিমানা গুনতে হতে পারে ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত।

সূত্র: গালফ নিউজ

মতামত দিন