দিল্লিতে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ, আটক মমতা ব্যানার্জী।
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চলা বিক্ষোভ থেকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আটক করেছে দিল্লি পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে সড়কে বসে প্রতিবাদ জানান মমতা। এ সময় পুলিশ তাকে আটক করে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারকে সরানোর দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত কর্মসূচিতে মমতার যোগ দেওয়ার কথা ছিল। শনিবার যন্তর মন্তরে ওই বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে তিনি শেষ পর্যন্ত সেখানে উপস্থিত হয়েছিলেন কি না, সে বিষয়ে প্রতিবেদনে নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে বিরোধী পক্ষ। সিজেপির অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। বিরোধী দলগুলোর আশঙ্কা, ভোটার তালিকায় এমন পরিবর্তন ক্ষমতাসীন বিজেপিকে নির্বাচনী সুবিধা দিতে পারে। যদিও নির্বাচন কমিশন ও বিজেপি অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।
বিক্ষোভের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। যন্তর মন্তরে কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানোর পাশাপাশি কয়েকটি মেট্রো স্টেশনে বিধিনিষেধ আরোপ করা হয়। নির্দিষ্ট কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়।
রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ ঘিরে দিল্লিতে বহু আন্দোলনকারী ও নেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপও রয়েছেন। অন্যদিকে, আন্দোলনকারীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, রয়টার্স

মতামত দিন